• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

কাপ্তাই হ্রদে মিলল ভাসমান নৌকা, নিখোঁজ বিএনপি নেতা

নিজেস্ব প্রতিবেদন
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাঙামাটির কাপ্তাই উপজেলায় ব্যবসায়িক কাজে নৌকাযোগে বের হয়ে নিখোঁজ হয়েছেন মো. মাসুদ (৫০) নামে স্থানীয় এক বিএনপি নেতা। দুই দিন ধরে তার কোনো সন্ধান না মিললেও কাপ্তাই হ্রদের গর্জনটিলা এলাকা থেকে মালামাল বোঝাই অবস্থায় তার ইঞ্জিনচালিত নৌকাটি উদ্ধার করা হয়েছে। নিখোঁজ নেতার সন্ধানে নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ অভিযান চলছে।

শনিবার (১৮ জুলাই) বিকেল ৪টার দিকে স্থানীয়রা কাপ্তাই হ্রদের গর্জনটিলা এলাকায় তার ইঞ্জিনচালিত নৌকাটি ভাসমান অবস্থায় দেখতে পান। নৌকায় চাল, ডাল, ডিম, গ্যাস সিলিন্ডারসহ বিক্রির জন্য আনা বিভিন্ন পণ্য অক্ষত থাকলেও মাসুদের কোনো সন্ধান মেলেনি। খবর পেয়ে সন্ধ্যায় নৌবাহিনীর ডুবুরি দলের সহযোগিতায় রাত ১০টা পর্যন্ত যৌথ উদ্ধার অভিযান চালানো হয়। তবে নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ মো. মাসুদ কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি ইঞ্জিনচালিত নৌকায় বিভিন্ন বাজারে মুদি পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতি সপ্তাহের মতো গত বৃহস্পতিবার মুদি পণ্য নিয়ে তিনি বিলাইছড়ির উদ্দেশে রওনা দেন। সাধারণত শুক্রবার বিকেল বা শনিবার সকালে বাড়ি ফিরলেও এবার না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে পুলিশ ও সার্ভিসকে খবর দেওয়া হয়।

কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন বলেন, বিলাইছড়ি থেকে কাপ্তাই ফেরার পথে গর্জনটিলা এলাকায় কোনো এক সময় তিনি নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

কাপ্তাই ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, শনিবার সন্ধ্যায় খবর পেয়ে নৌবাহিনীর ডুবুরি দলের সহযোগিতায় রাত ১০টা পর্যন্ত যৌথ উদ্ধার অভিযান চালানো হয়। তবে নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান বলেন, পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত নৌকা থেকে অসাবধানতাবশত তিনি কাপ্তাই হ্রদের পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন। তার সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category