• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

যুবদল নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম, হাতের কব্জি বিচ্ছিন্ন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

চুয়াডাঙ্গায় যুবদলের নেতা জাহিন শেখকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। হামলায় তার শরীর থেকে বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া দুই পায়ের তালু থেকে গোড়ালি পর্যন্ত মারাত্মক জখম হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) রেফার্ড করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের হোমিওপ্যাথি কলেজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত জাহিন শেখ (৪০) চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ গ্রামের রজব আলীর ছেলে। তিনি চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে হোমিওপ্যাথি কলেজ এলাকার কাছে তাকে লক্ষ্য করে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব বলেন, রোগীর শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর ক্ষত হয়েছে। তার বাম হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া দুই পায়ের তালু থেকে গোড়ালি পর্যন্ত মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) রেফার্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, হামলায় জাহিন শেখের একটি হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়েছে। আহতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত দুজনের নাম পাওয়া গেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category