• শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

১০ টাকার বিরোধে হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার

ফুলবাড়িয়া প্রতিনিধি
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাত্র ১০ টাকা পাওনা নিয়ে দ্বন্দ্বের জেরে আয়েশা খাতুনকে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি মো. জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪। বুধবার (১০ জুন) রাত ১টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো. জহিরুল ইসলাম ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, গত ১৪ এপ্রিল বিকেলে ফুলবাড়িয়া উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে আয়েশা খাতুন (৪০) খুন হন। তিনি ওই এলাকার বাসিন্দা।

ঘটনার প্রধান অভিযুক্ত মো. জহিরুল ইসলাম নিহত আয়েশা খাতুনের স্বামীর বড় ভাইয়ের ছেলে। ভাতিজা জহিরুল ইসলামের কাছে নিহতের ছেলে আশিক মিয়া ১০ টাকা পাওনা ছিল।

এ নিয়ে গত ১৪ এপ্রিল বিকেলে আশিক মিয়া ও জহিরুল ইসলামের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় আশিক মিয়ার মা আয়েশা খাতুন ঘটনাস্থলে এগিয়ে গেলে তাকে ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় ১৫ এপ্রিল একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-১৪ ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, ঘটনার পর থেকে আসামি আত্মগোপনে ছিল। প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গাজীপুর সদর উপজেলার ভোগড়া বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার তাকে ফুলবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category