নিজস্ব প্রতিবেদন - সংবাদ কথা
আবারও পরিবর্তন, তারেক রহমানের বরিশাল সফর স্থগিত
- আপডেট সময় : ০৪:৪০:৪০ এএম, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ৮৩ শেয়ার হয়েছে
বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্ধারিত নির্বাচনী জনসভার তারিখ আবারও পেছানো হয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৭ জানুয়ারি (মঙ্গলবার) তার বরিশাল সফরের কথা থাকলেও শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সেই সূচি স্থগিত করা হয়। তবে নতুন তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।
তিনি জানান, এর আগে ২৬ জানুয়ারি তারেক রহমানের বরিশালে আসার পরিকল্পনা ছিল। পরে তা পরিবর্তন করে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়। কিন্তু শনিবার বিকেলে সেই তারিখও স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, তারেক রহমানের বিমানযোগে বরিশালে আসার কথা থাকলেও ফিরে যাওয়ার ক্ষেত্রে ভিন্ন রুট ব্যবহারের পরিকল্পনা ছিল। সামগ্রিক সময়সূচি ও ব্যবস্থাপনার কারণে সফরটি আপাতত পেছানো হয়েছে। তবে তিনি বরিশাল সফর করবেন না—এমন নয়। কেন্দ্র থেকে জানানো হয়েছে, উপযুক্ত সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন। দীর্ঘ বিরতির পর এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে বরিশাল সফর করার কথা রয়েছে। এই সফরকে কেন্দ্র করে বরিশাল অঞ্চলের বিএনপির রাজনীতিতে নতুন গতি আসবে বলে আশা করছেন দলটির নেতাকর্মীরা।
সবাদ কথা

























