কলকাতার তিক্ত অভিজ্ঞতা ভুলে হায়দরাবাদে ভক্তদের ভালোবাসায় সিক্ত লিওনেল মেসি
- আপডেট সময় : ০৩:১৭:৩৬ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ৩৩০ শেয়ার হয়েছে
কলকাতার সল্টলেকে ঘটে যাওয়া তিক্ত অভিজ্ঞতার রেশ কাটতে না কাটতেই হায়দরাবাদে সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশের মুখোমুখি হলেন লিওনেল মেসি। শনিবার রাতে উপল স্টেডিয়ামে হাজারো ভক্তের উচ্ছ্বাস আর ভালোবাসায় সিক্ত হন আর্জেন্টাইন মহাতারকা।
এর আগে শনিবার সকালে কলকাতার সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে টিকেট কেটে স্টেডিয়ামে এসেও মেসির দেখা পাননি অনেকেই। ফলে তারা ক্ষুব্ধ হয়ে গ্যালারি থেকে পানির বোতল ও চেয়ার ছুড়ে মারেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা বাহিনীও শক্তি প্রয়োগ করেন।
প্রথম ধাপ শেষ করে গতকাল দুপুরেই হায়দরাবাদের উদ্দেশে রওনা দেন ইন্টার মায়ামির তিন তারকা। বিকেল সাড়ে ৫টার পর শহরটিতে পা রাখেন মেসিরা। এরপর রাত ৮টা নাগাদ পৌঁছান উপল স্টেডিয়ামে। মেসি-রদ্রিগো ডি পল-লুইস সুয়ারেজদের সফর ঘিরে হায়দরাবাদে ছিল বাড়তি নিরাপত্তা। স্টেডিয়ামেও ব্যবস্থাপনা ছিল ঠিকঠাক।
মেসিরা যখন মাঠে প্রবেশ করছেন, তখন প্রদর্শনী ফুটবল ম্যাচ চলছিল। দুই সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পলকে নিয়ে মেসি ভিভিআইপি বক্সে দাঁড়িয়ে সেই ম্যাচ দেখেছেন। কয়েকবার উচ্ছ্বসিত হতেও দেখা যায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ককে। খেলা শেষ হতেই মেসিরা মাঠে যান ‘মেসি–মেসি’ স্লোগানে উত্তাল গ্যালারির অভ্যর্থনা নিতে নিতে।



















