নিজস্ব প্রতিবেদন - সংবাদ কথা
ভোটের আগে ডিজিটাল লেনদেনে কড়াকড়ি, মোবাইল ব্যাংকিংয়ে বড় অঙ্কের টাকা পাঠানো বন্ধ
- আপডেট সময় : ১২:২৬:৪৪ পিএম, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৭২ শেয়ার হয়েছে
ভোটের আগে অর্থের অপব্যবহার ও ভোটার প্রভাবিত করার আশঙ্কায় মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেনে কঠোর নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, আগামী ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিকাশ, নগদ, রকেটসহ সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) প্রতিদিন সর্বোচ্চ ১০ হাজার টাকা পাঠানো যাবে। তবে প্রতিবার লেনদেনের সীমা নির্ধারণ করা হয়েছে মাত্র ১ হাজার টাকা। ফলে এই সময় বড় অঙ্কের লেনদেন কার্যত বন্ধ থাকবে।
শুধু মোবাইল ব্যাংকিং নয়, একই সময়ে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমেও ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে অর্থ লেনদেন সীমিত রাখা হবে। প্রয়োজন ছাড়া বড় অঙ্কের অনলাইন লেনদেন নিরুৎসাহিত করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সূত্র জানায়, নির্বাচনের আগে অবৈধ অর্থ প্রবাহ, ভোট কেনাবেচা এবং সন্দেহজনক লেনদেন ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতেই এ ব্যবস্থা কার্যকর করা হচ্ছে।
বর্তমানে মোবাইল ব্যাংকিংয়ে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। কিন্তু নির্বাচনী সময়কে ঘিরে এই সীমা সাময়িকভাবে উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে।
এদিকে ব্যাংকিং খাতে নগদ টাকা জমা ও উত্তোলনের ওপরও নজরদারি জোরদার করা হয়েছে। কোনো অ্যাকাউন্টে দৈনিক বড় অঙ্কের নগদ লেনদেন হলে তা বাধ্যতামূলকভাবে বিএফআইইউকে জানাতে হবে।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ নির্বাচনের সময় আর্থিক অনিয়ম রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে সহায়ক হবে।
— সংবাদ কথা























