রাজধানীতে বজ্রসহ শিলা বৃষ্টি
- আপডেট সময় : ০৪:০৩:০৬ পিএম, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ২০ শেয়ার হয়েছে
রাজধানী ও আশেপাশের এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েছেন অনেকেই। বিশেষ করে অফিস শেষে বাসায় ফেরার পথে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যার পরপরই আকাশে মেঘ জমে ওঠার পর কয়েক দফায় দমকা হাওয়া ও ধুলিঝড় বয়ে যায়। এসময় রাজধানীর বাংলামোটর, শাহবাগ, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট, তেজগাঁওসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা সংবাদ কথা কে জানান, সন্ধ্যার পর পরই রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হয়। পরে রাত ৮টার দিকে ঝুম বৃষ্টি শুরু হয়, যা দ্রুতই ভারী বর্ষণে রূপ নেয়। এতে অফিসফেরত মানুষ ও ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েন। অনেকেই আশ্রয়ের খোঁজে ছুটেন ।
এদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকা ছাড়াও রাজশাহী, পাবনা, ফরিদপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও সতর্ক করা হয়েছে।





















