নিজস্ব প্রতিবেদন - সংবাদ কথা
নির্বাচনে ভোট দেবেন না মেসি
- আপডেট সময় : ০৩:৫১:৩৩ পিএম, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ৭৫ শেয়ার হয়েছে
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সভাপতি নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার পদত্যাগের পর। নতুন এই নির্বাচনে আবারও সভাপতি পদে লড়ছেন লাপোর্তা, আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ভিক্টর ফন্ট।
ক্লাবটির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে সাবেক তারকা ফুটবলারদের অবস্থান নিয়ে আলোচনা তুঙ্গে। সাবেক কোচ জাভি হার্নান্দেজ প্রকাশ্যে ভিক্টর ফন্টকে সমর্থন জানালেও লিওনেল মেসি এ বিষয়ে এখনো নীরব। লাপোর্তার সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো না হওয়ায় অনেকেই ধারণা করছিলেন, হয়তো ফন্টের পক্ষেই থাকবেন আর্জেন্টাইন মহাতারকা।
তবে স্প্যানিশ গণমাধ্যম ডিয়ারিও স্পোর্ট–এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, বার্সেলোনার চলমান এই নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেসি। শুধু তাই নয়, পুরো নির্বাচনী প্রক্রিয়া থেকেই নিজেকে দূরে রাখবেন তিনি। এমনকি কোনো প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ করবেন না বলেও জানা গেছে। ইয়াহু স্পোর্টসও একই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ভিক্টর ফন্ট প্রকাশ্যে জানালেও যে তিনি নির্বাচনে জয়ী হলে প্রথমেই মেসির সঙ্গে যোগাযোগ করবেন, তবুও মেসি এ মুহূর্তে কোনো পক্ষের সঙ্গেই যুক্ত হতে আগ্রহী নন। লাপোর্তার সঙ্গে তার সম্পর্ক কার্যত বিচ্ছিন্ন থাকলেও এ নির্বাচনে অংশ নিচ্ছেন না তিনি।
অতীতের তুলনায় এটি বড় পরিবর্তন। কারণ এর আগে বার্সেলোনার সভাপতি নির্বাচনে নিয়মিত ভোট দিয়েছেন মেসি। তবে এবার ভিন্ন অবস্থান নিয়েছেন তিনি।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি। ব্যস্ত ফুটবল সূচি ও যুক্তরাষ্ট্রে অবস্থানের কারণেই মূলত তিনি বার্সেলোনার ক্লাব রাজনীতি থেকে দূরে থাকছেন বলে মনে করা হচ্ছে। যদিও ভবিষ্যতে পরিস্থিতি বদলাতে পারে বলেও ধারণা করা হচ্ছে।























