নিজস্ব প্রতিবেদন - সংবাদ কথা
নকল ও প্রশ্নফাঁসের সুযোগ আর থাকবে না: শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ১১:৫২:১৮ এএম, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ৬৫ শেয়ার হয়েছে
দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে সমন্বিত সংস্কার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যতে পরীক্ষা ব্যবস্থায় নকল ও প্রশ্নফাঁসের মতো অনিয়ম আর ফিরে আসবে না।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শিক্ষামন্ত্রী বলেন, সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে কারিকুলাম পুনর্মূল্যায়ন করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা ও ইংরেজি ভাষাজ্ঞান বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। চতুর্থ শিল্পবিপ্লবের বাস্তবতা বিবেচনায় ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকস শিক্ষাক্রমে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পুরোনো ধাঁচের শিক্ষা দিয়ে বর্তমান বিশ্বে টিকে থাকা সম্ভব নয়। বিশ্ব এখন এক ধরনের গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। তাই আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক শিক্ষা কাঠামো গড়ে তোলা হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর এবং আধুনিক কারিকুলাম প্রণয়নেও কাজ চলবে।
শিক্ষা মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, অতীতের দায়ভার বর্তমান মন্ত্রণালয় নেবে না। তবে তার আগের দায়িত্বকালেও দুর্নীতি হয়নি এবং এবারও তা বরদাশত করা হবে না। এমপিওভুক্তি ও শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভুক্তির বিষয়ে ওঠা অভিযোগ খতিয়ে দেখে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বেসরকারি শিক্ষকদের বেতন ও সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে এবং উপযুক্ত সময়ে সিদ্ধান্ত জানানো হবে।
নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধের বিষয়ে তিনি আরও বলেন, অতীতে দায়িত্ব পালনকালে এ ধরনের অনিয়ম রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল। এবারও কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করে পরীক্ষার পরিবেশ সুষ্ঠু রাখা হবে।
সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন।
























